News

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করল সরকার

তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ করেছে সরকার। রবিবার (রবিবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে জাতীয় ও আন্তর্জাতিক ১৮টি দিবস, ঐতিহ্যগতভাবে পালন করা হয়ে থাকে অথবা বর্তমান সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিকভাবে উদ্বুদ্ধকরণের জন্য বিশেষ সহায়ক- এ সংক্রান্ত ৩৯টি দিবস এবং বিশেষ বিশেষ খাতের প্রতীকী দিবস হিসেবে ৩৫টি দিবসের কথা উল্লেখ করা  হয়েছে। 

পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের উৎসবসমূহ ব্যতীত সাধারণভাবে দিবস পালনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তা হলো সাজসজ্জা ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব পরিহার করতে হবে।রেডিও ও টেলিভিশনে আলোচনা এবং সীমিত আকারে সেমিনার বা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে হবে।

এতে বলা হয়,  কোনো সপ্তাহ পালনের ক্ষেত্রে অনুষ্ঠানসূচি সাধারণভাবে তিন দিনের মধ্যে সীমিত থাকবে। সরকারিভাবে গৃহীত কোনও কর্মসূচি যাতে অফিসের কর্মকাণ্ডে ব্যাঘাত না ঘটায়, তা নিশ্চিত করতে হবে এবং আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠানাদি ছুটির দিনে অথবা অফিস সময়ের পরে আয়োজনের চেষ্টা করতে হবে।

এতে আরও বলা হয়,  নগদ কিংবা উপকরণ আকারে অর্থ বা সম্পদ ব্যয়ের প্রয়োজন হবে না—এরূপ সাধারণ ইভেন্টসমূহ ছুটির দিনে কিংবা কার্যদিবসে আয়োজন করা যাবে। কোনও দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে রাজধানীর বাইরে থেকে বা জেলা পর্যায় হতে কর্মকর্তা বা কর্মচারীদের ঢাকায় আনা যথাসম্ভব পরিহার করা হবে। 

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা রক্ষার্থে মন্ত্রণালয়/বিভাগসমূহের স্ব স্ব অধিক্ষেত্রে সমধর্মী জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস উদ্যাপনকে প্রাধান্য দিয়ে এরূপ দিবসসমূহ একই তারিখে একত্রে পালন করা আবশ্যক। মন্ত্রণালয়/বিভাগসমূহ প্রযোজ্য ক্ষেত্রে এতদ্বিষয়ক সারসংক্ষেপ মন্ত্রিসভা-বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবে বলেও পরিপত্রে জানানো হয়েছে। 

source: The Daily Campus

Leave a Reply

Back to top button