News

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

সংগৃহীত

দেশের সব মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এ বিধান বাস্তবায়নে সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনে ২০০ মিলিমিটার দৈর্ঘ্য ও ১০০ মিলিমিটার প্রস্থের নম্বরপ্লেট লাগাতে হবে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। এতে কোনো ধরনের শোভা বর্ধনকারী উপাদান বা নকশা রাখা যাবে না।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের সামনে নিবন্ধন নম্বর প্রদর্শনের উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত শর্ত মেনে ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনের ব্যবস্থা নিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button