News

নারী গার্মেন্ট শ্রমিককে রাস্তায় ফেলে মারধর, যুবকের পাঁচ মাসের কারাদণ্ড

রাজধানীর উত্তরখানে ময়না আক্তার (২৮) নামের এক নারী পোশাক শ্রমিককে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে রুকন মিয়া (৩৭) নামের এক যুবককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উত্তরখান মাজার চৌরাস্তা সংলগ্ন এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাশেই থাকা উত্তরখান থানা পুলিশ সদস্যেরা রুকন মিয়াকে আটক করেন।

ভুক্তভোগী ময়না আক্তার জানান, অভিযুক্ত রুকন মিয়ার স্ত্রী রাশিদা বেগমের সঙ্গে তিনি একই পোশাক কারখানায় চাকরি করতেন। মাদকাসক্ত হওয়ার কারণে প্রায় সাত মাস আগে রাশিদা তার স্বামী রুকনকে তালাক দেন। তবে রুকনের ধারণা ছিল, ময়নার পরামর্শেই তার স্ত্রী তাকে তালাক দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার দুপুরে উত্তরখান মাজার চৌরাস্তায় আমাকে দেখা মাত্রই রুকন এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে আমার ঠোঁট ফেটে যায়, বাঁ হাতের কনুই রক্তাক্ত হয় এবং পিঠে জখম হয়। পরে পাশে থাকা পুলিশের টহল দল এসে আমাকে উদ্ধার করে এবং রুকনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, নারী পোশাক শ্রমিককে মারধরের অভিযোগে আটক রুকন মিয়াকে শুক্রবার উত্তরার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

source: Asia Post

Leave a Reply

Back to top button