দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়-ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য খাতে কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে এবং বরাদ্দকৃত বাজেটের প্রতিটা পয়সা স্বচ্ছতার সঙ্গে জনগণের সেবায় ব্যয় করা হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী (ডিএনএমসি ডে) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
স্বাস্থ্য খাতের স্বচ্ছতা ও জবাবদিহি জোরদারের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলগুলোতে স্বাস্থ্য খাত থেকে বিপুল অর্থ অনিয়ম ও পাচার করা হয়েছে। এমনকি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে টানা ১২ বছর আয়কর পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমান সরকার ও নতুন গভর্নিং বডি দায়িত্ব নিয়ে সেই পুঞ্জীভূত দায় শোধ করছে।
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, দুর্নীতিকে কার্যকরভাবে প্রতিরোধ করতে না পারলে কোনো খাতেই টেকসই উন্নয়ন সম্ভব নয়। স্বাস্থ্য খাতে দুর্নীতির বিন্দুমাত্র আলামত পাওয়া গেলে—তিনি যত বড় ক্ষমতাধর ব্যক্তিই হোন না কেন—সরকার বা প্রধানমন্ত্রী তাকে এক মুহূর্তের জন্যও প্রশ্রয় দেবেন না; তার বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের অর্থের যথাযথ ব্যবহারের আশ্বাস দিয়ে ড. এম এ মুহিত উল্লেখ করেন, চব্বিশের গণ-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে সরকার স্বাস্থ্য খাত পুনর্গঠন করছে। জনগণের কষ্টার্জিত রাজস্বের এই অর্থ দিয়ে স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, তার প্রতিটি পয়সা নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ এবং সাধারণ ও দরিদ্র মানুষের কাছে বিনামূল্যে ওষুধ ও মানসম্মত সেবা পৌঁছে দিতেই ব্যয় করা হবে।
source: Asia Post