News

দুর্গাপূজার ছুটিতেও চালু থাকবে আমদানি-রপ্তানি, নির্দেশনা এনবিআরের

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে সীমিত আকারে কাস্টমস কার্যক্রম চালু রাখার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব কাস্টমস হাউজ ও স্টেশনে কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআরের কাস্টমস নীতি শাখা থেকে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় সংশ্লিষ্টদের এ অনুরোধ জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম।

দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে সারাদেশে পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। এর মধ্যে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার পূজা উপলক্ষে ছুটি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকে। এ কারণে বাকি তিন দিনের সরকারি ছুটিতে কার্যক্রম সচল রাখতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

অন্যদিকে, এ পাঁচ দিনই বন্ধ থাকবে দেশের ব্যাংক লেনদেন ও পুঁজিবাজারসহ আর্থিক খাতের কার্যক্রম। এ বিষয়ে জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংক বন্ধ থাকবে।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button