News

১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদী হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের

আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং দায়ীদের ভারত থেকে ফিরিয়ে এনে মুখ উন্মোচন করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাড়ে ৬টায় বগুড়ার সাতমাথায় সংগঠনটির ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের এ দাবি জানান।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে যখনই কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব ঘটে, বিপ্লব-পরবর্তী সময়ে একশ্রেণির সুবিধাবাদী লোক তৈরি হয়। তারা বিপ্লবের সন্তানদের নিচু করে দেখতে চায় এবং এই অর্জনকে জমিন থেকে হারিয়ে দিতে চায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কাউকে নতুন করে ক্ষমতায় বসানোর জন্য এ অভ্যুত্থান হয়নি।’

বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদীর শাহাদাতের ১০ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার বিচার নিশ্চিত করা হয়নি। এমনকি খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে এর পেছনে কারা আছে, তাদের মুখ উন্মোচন করার দায়িত্ব সরকারের।’

১৪০০ শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের সরকার ক্ষমতায় এসেছে। সেই জুলাইকে যদি অস্বীকার করা হয়, তবে পরিণতি শুভ হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।

বেলা ১১টায় মোকামতলা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। পর্যায়ক্রমে দুপুর সাড়ে ১২টায় মহাস্থানবাজার, দুপুর আড়াইটায় মাটিডালি বিমান মোড় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহরের সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পরবর্তী সময়ে রাত সাড়ে ৭টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা প্রতিবাদী গান পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button