তথ্য কমিশনের প্রধান হলেন জাবির বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক নাহরিন ইসলাম খান

বিএনপিপন্থী শিক্ষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
শনিবার (১৭ অক্টোবর) এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারার আওতায় রাষ্ট্রপতি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে তথ্য কমিশনের ‘প্রধান তথ্য কমিশনার’ হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক নাহরিন ইসলাম খান সরকারি বিধি অনুযায়ী বেতন, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী তিনি অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
source: The Dhaka Diary