News

চলতি বছরই এক লাখ দক্ষ আনসার সদস্য বিদেশে পাঠানোর পরিকল্পনা

চলতি বছরই এক লাখ দক্ষ আনসার সদস্যকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

দেশের ৬০ লাখ আনসার সদস্যকে লক্ষ্য করে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সিঙ্গাপুর, মালদ্বীপ, মরক্কোসহ চারটি দেশের রাষ্ট্রদূত আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে তাঁদের স্বাগত জানান মহাপরিচালক। এ সময় তাঁরা আনসার সদস্যদের কারিগরি দক্ষতা ও প্রশিক্ষণের মান সরেজমিনে পরিদর্শন করেন।

মহাপরিচালক বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের চাহিদা, বেতন কাঠামো এবং কর্মপরিবেশ ও ব্যবস্থাপনার মান যাচাই-বাছাই করা হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে কাজের অনুমোদন ও কর্মী পাঠানোর কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের নির্ধারিত কাজের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জনশক্তি রপ্তানির পরিধি বাড়াতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে।

পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


এমআই/বার্তা বাজার

source: Barta Bazar

Leave a Reply

Back to top button