ইরানের এক-দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো অক্ষত, চাইলে ১০ মিনিটেই ধ্বংস করা সম্ভব: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা এখনো ধ্বংস করা বাকি রয়েছে। চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করা সম্ভব। অন্যদিকে, যেকোনো ধরনের মার্কিন ও ইসরায়েলি হুমকির তাৎক্ষণিক জবাব দিতে সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশও দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এখনো এক বা দুটি স্থান বাকি রয়েছে। তবে আমরা মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলো ধ্বংস করতে পারি।
ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সেটিও যুক্তরাষ্ট্রের বিবেচনায় রয়েছে। এসব লক্ষ্যবস্তুতে খুব দ্রুতই অভিযান চালানো সম্ভব।’
চলতি সপ্তাহেই ইরানে হামলা চালানো হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন বোকার মতো প্রশ্ন করছেন কেন? ধরুন, আমি যদি হামলা চালাইও, তাহলে কি আপনাকে তা জানাব?’
তবে ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তেহরানের ওপর খুব বেশি আস্থা রাখা যায় না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এসব বক্তব্যের আগে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন। যেকোনো ধরনের হুমকির জবাব তাৎক্ষণিকভাবে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এক বিবৃতিতে বলা হয়, শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে মোজতবা খামেনি বলেছেন, যেকোনো ধরনের বা মাত্রার হুমকির জবাব অবিলম্বে, কার্যকরভাবে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই দিতে হবে।
এ ছাড়া ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ওই তালিকায় ‘আমেরিকান-জায়নিস্ট শত্রুর দৃশ্যমান ও অদৃশ্য সব ধরনের সম্পদ’ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন মোজতবা। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। সামরিক কমান্ডারদের সঙ্গে তার এই বৈঠক দায়িত্ব গ্রহণের পর প্রথম বলে জানা গেছে।
সূত্র: এনডিটিভি
শু
source: Barta Bazar