News

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরে অবস্থিত পৈতৃক বাসভবন পরিদর্শন করেছেন দুই সংসদ সদস্য। বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানাতে এবং পরিবারের খোঁজখবর নিতে তারা সেখানে যান।

রবিবার (২২ নভেম্বর) রাতে বাসভবনে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন।

ঘটনার নিন্দা জানিয়ে দুই সংসদ সদস্য বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

বিএনপির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button