News

মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে

মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে ভাটারা থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, “মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে হবে।”

তিনি বলেন, “জামায়াত সবসময় জনগণের কল্যানে কাজ করেছে এবং আগামীতেও কাজ করে যাবে, ইনশাআল্লাহ। জনগণ জামায়াতের ওপর যে আস্থা রেখেছে, সেই আস্থার জায়গা থেকে জনগণের ন্যায্য অধিকার আদায়ে জামায়াত সবসময় লড়াই চালিয়ে যাবে।”

দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এসব ঘটনায় প্রশাসনের নীরবতা সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে। দেশের বিভিন্ন স্থানে বাস, গাড়ি এমনকি ট্রেনেও অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটছে। গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের বাড়িঘরেও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “পতিত স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় জন ঐক্য হওয়া এখন সরকারের সবচেয়ে বড় প্রয়োজন। আর সেই ঐক্য বাস্তবায়িত হতে হবে জুলাই সনদ কার্যকরের মধ্য দিয়ে। সরকার জুলাই সনদ বাস্তবায়ন করলে পতিত স্বৈরাচারের দোসররা এভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারত না।”

সমাবেশে সভাপতিত্ব করেন ভাটারা থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট রেজাউল করিম।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button