News

সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও ইউভি সানগ্লাস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ ও তৎপর রয়েছে।

source: The Daily Campus

Back to top button