News

বিএনপি নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে ৫৫ নম্বর দক্ষিণ রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসনাইন হোসেন সোহেল (৪৮) আহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোহেলের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা নজরুল খান ও তার সহযোগীরা তাকে মারধর করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নজরুল খান।

নজরুল খানের দাবি, তিনি সোহেলকে হামলা করেননি; বরং পরিস্থিতিতে তিনি প্রতিরোধ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উত্তর সাবুপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ।

সভাপতি পদে শাজাহান খানের নাম একমাত্র প্রার্থী হিসেবে প্রস্তাব ও সমর্থন করা হয়। পরে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এ সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে আপত্তি জানান সোহেল। একপর্যায়ে তার সঙ্গে নজরুল খানের তর্কবিতর্ক শুরু হয়। পরে সোহেলের ওপর হামলার অভিযোগ ওঠে।

সোহেলের দাবি, ম্যানেজিং কমিটির সভায় ছয়জন সদস্য উপস্থিত থাকলে কোরাম পূর্ণ হয়। কিন্তু ওই দিন পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন। ফলে কোরাম পূর্ণ না করেই সভাপতি নির্বাচন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তবে প্রিজাইডিং কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ বলেন, সভাপতি পদে একমাত্র প্রার্থী শাজাহান খানের নাম প্রস্তাব ও সমর্থন পাওয়ায় তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, ইউএনওর নির্দেশনা অনুযায়ী উপস্থিত সদস্যদের নিয়ে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে।

অন্যদিকে, নজরুল খান বলেন, ‘আমি হামলা করিনি, প্রতিরোধ করেছি।’ তিনি সোহেলকে মারধরের অভিযোগ অস্বীকার করেন।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পর্কে পুলিশকে আগে থেকে জানানো হয়নি।

তিনি জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button