Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

জামায়াত পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি: মির্জা ফখরুল

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলাম শুধু ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি; ইতিহাস বলছে, তারা ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল। তাঁর ভাষায়, ‘তারা পাকিস্তানও চায়নি, বাংলাদেশও চায়নি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, অনেক মানুষ এসব ইতিহাস জানেন না। কিন্তু বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ‘যে দল বাংলাদেশ রাষ্ট্রকেই বিশ্বাস করেনি, তারা কীভাবে এই দেশকে নিরাপদে রাখবে? তারা যদি ক্ষমতায় যায়, তাহলে কি এ দেশের মানুষ ভালো থাকবে?’

বিএনপির মহাসচিব আরও বলেন, যে দল অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনো সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি, এমন দলকে সমর্থন করা যায় না। তাঁর বক্তব্য, ‘আমরা বারবার বলছি—যারা বাংলাদেশের ক্ষতি করেছে, তাদের কখনো ভোট দেওয়া উচিত নয়।’

স্থানীয়দের উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কোনো এলাকা তখনই উন্নত হয়, যখন সেখান থেকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি হয়।

‘নেতৃত্ব ভালো হলে উন্নয়ন আসবেই,’ বলেন তিনি।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: bdtoday.net

Back to top button