News

শপথ নিতে বঙ্গভবনে ৪ এমপি, স্থানীয় সরকার পাচ্ছেন মঈন খান, তথ্য মন্ত্রণালয়ে পার্থ

বঙ্গভবনে এমপিরা© সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় ছয় মাসের মাথায় রদবদল করা হচ্ছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পরই নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ হওয়ার কথা রয়েছে। এ জন্য বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আয়োজনের কথা রয়েছে। এরই মধ্যে চার সংসদ সদস্যকে শপথের জন্য বঙ্গভবনে গিয়েছেন। 
 
মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে একাধিক সূত্রে তার নাম জোরালোভাবে এসেছে।
 
সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়। মঈন খান ছাড়াও এ পদে একাধিক নেতার নাম আলোচনায় ছিল।
 
ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে তার অভিজ্ঞতা রয়েছে। চলতি বছরের জুনেও তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছিলেন।
 
পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়
 
নতুন মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে।
 
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য পার্থ ফোন পেয়েছেন। দলের চেয়ারম্যান নিজেই তাকে এ তথ্য জানিয়েছেন। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, তা তিনি জানাতে পারেননি।
 
বর্তমানে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং দলের মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক।
 
মন্ত্রিসভায় রদবদল হলে জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আবার তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।
 
শামীম কায়সার পাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব
 
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন নতুন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন।
শুক্রবার বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। এ মন্ত্রণালয়ে বর্তমানে কোনো প্রতিমন্ত্রী নেই।
 
ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার বিষয়ে জানতে চাইলে শামীম কায়সার লিংকন বলেন, ‘এ বিষয়ে আমরাও বিস্তারিত জানার চেষ্টা করছি। আজকে বিকেল ৪টা বা সাড়ে ৪টার মধ্যে জানতে পারব। আসলে, বিষয়গুলো শেষ মুহূর্তের আগ পর্যন্ত বলা যায় না।’
 
সাচিং প্রু জেরীও মন্ত্রিসভায়
 
নতুন মন্ত্রিসভায় বিএনপির বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নামও রয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। নতুন রদবদলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তর করা হতে পারে।
 
সাচিং প্রু জেরী বলেন, ‘আমাকে কল করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গভবনে থাকতে বলা হয়েছে। এটুকুই বলতে পারি।’
 
আরও যেসব পরিবর্তনের আলোচনা
 
মন্ত্রিসভার রদবদলে বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণ মন্ত্রী করার আলোচনা রয়েছে। একই সঙ্গে বর্তমান মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য ছিলেন ৫০ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নন।
 
সরকার গঠনের ছয় মাসের মাথায় এবার মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের আলোচনা চলছে। জোটের নেতাদেরও মন্ত্রিসভায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে শেষ পর্যন্ত মন্ত্রিসভায় কারা যুক্ত হচ্ছেন এবং কে কোন দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শপথের সময়ই স্পষ্ট হবে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button