Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

বিএনপি নেতার ব্রিকফিল্ডে অস্ত্রের কারখানা, ম্যানেজারসহ আটক ২

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপি নেতার ব্রিকফিল্ডে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার আমানউল্লাহ ইউনিয়নস্থ বিবিএসটি ব্রিকফিল্ডে এই অভিযান চালানো হয়। অভিযানে ব্রিকফিল্ডের ম্যানেজারসহ দুই অস্ত্র কারিগরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বিবিএসটি ব্রিকফিল্ডের ম্যানেজার মো. রাসেদ (৪০) ও রহমতপুর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আকবর (৪৩)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে ব্রিকফিল্ড থেকে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, সেটির মালিক আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বাহাদুর। ওই ব্রিকফিল্ডের আড়ালেই অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কাজ চলছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টায় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে বিবিএসটি ব্রিকফিল্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে সেখান থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম সহ ১টি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

আটককৃতদের ইতিমধ্যে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পলাতক বা জড়িত অন্যান্যদের ধরতেও অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সন্দ্বীপে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে তারা অস্ত্র তৈরি ও সরবরাহ করে আসছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: dailyamardesh.com

Back to top button