Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ব

নেতানিয়াহুকে গ্রেপ্তারের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে এলে তাকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা উচিত বলেই মনে করেন তিনি। তবে এ উদ্দেশ্যে বিদ্যমান আইন পরিবর্তনের কোনো উদ্যোগ নেবেন না বলেও জানিয়েছেন তিনি।

শনিবার প্রকাশিত দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, “আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) অভিযোগ এনেছে। গত কয়েক বছরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই এই মত পোষণ করেন।”

তিনি আরও বলেন, “আমি আগেও বলেছি, নিউইয়র্ক সিটিতে যে আইন কার্যকর রয়েছে, আমি সেটিই অনুসরণ করব। একজন নগরপ্রধান হিসেবে আইনের শাসন মেনে চলা গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে মামদানি বলেন, “নিউইয়র্কে আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা সেটাই করব। তবে এ উদ্দেশ্যে আমরা নিজেরা নতুন কোনো আইন তৈরি করব না।”

কোন আইন কী অনুমতি দেয়—এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে “সক্রিয়ভাবে আলোচনা” চলছে।

নির্বাচনী প্রচারণার সময় মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) নির্দেশ দেবেন। সেই তালিকায় নেতানিয়াহুর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও ছিল।

তবে যুক্তরাষ্ট্রে আইসিসির এখতিয়ার নেই। দেশটির ফেডারেল আইন অনুযায়ী, স্থানীয় সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে এ ধরনের বিষয়ে সহযোগিতা করতে পারে না। এছাড়া পৃথক একটি ফেডারেল আইনে বিদেশি রাষ্ট্রপ্রধানসহ বিদেশি কর্মকর্তাদের আটক বা তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার বিষয়েও আইনি সীমাবদ্ধতা রয়েছে।

সূত্র: টাইমস অব ইসরাইল, দ্য নিউ ইয়র্ক টাইমস।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button