প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা আটক

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা মো. তারেক হাসানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত তারেক হাসান দীর্ঘদিন ধরে ওই তরুণীকে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তরুণী প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ৩ জুন আনুমানিক রাত ১টার দিকে কৌশল ও জোর জবরদস্তি করে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাউকে কিছু না বলতে নির্দেশ দেওয়া হয়।
সামাজিক চাপ ও হুমকির ভয়ে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হলেও গত ১৩ জুলাই অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধারণকৃত ভিডিওটি এক আত্মীয়ের কাছে পাঠানো হলে ঘটনাটি সামনে আসে। পরবর্তীতে স্বজনরা বিষয়টি জানতে পেরে থানার দ্বারস্থ হন এবং মামলা দায়ের করেন। মামলার পরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
ঘটনার বিষয়ে রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ জানান, অভিযুক্ত বর্তমানে তাঁদের সংগঠনের সঙ্গে যুক্ত নন। তবে অতীতে সম্পৃক্ত থাকলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অন্যদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিঠন দেওয়ান নিশ্চিত করেছেন যে, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের সোপর্দ করা হয়েছে।
source: Azadir Dak

