News

প্রবাসীদের সেবায় বিমানবন্দরে পৃথক করিডোর ও ব্যাংক আধুনিকায়নে উদ্যোগ নিচ্ছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

ওসমানী বিমানবন্দরে নতুন ট্রলি হস্তান্তর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী© প্রতিনিধি

বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক প্রবাসী করিডোর স্থাপন এবং প্রবাসী ব্যাংকের আধুনিকায়নসহ রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে বহুমুখী নতুন সেবা চালুর পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়ন ও ব্যবস্থাপনায় আধুনিক ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরের সেবা আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করতে সরকার ধাপে ধাপে কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। প্রবাসীরা যাতে নিজ দেশে পা রেখেই সম্মানজনক সেবা পান, সে পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, “পৃথিবী যতদিন থাকবে, সমস্যা ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত আট মাসে প্রবাসীদের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নিয়েছে।”

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রবাসীদের বিভিন্ন অভিযোগ ও স্থানীয় সমস্যাগুলো সরাসরি শোনার জন্য সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসকদের সপ্তাহে অন্তত এক দিন নির্দিষ্ট সময় বরাদ্দ রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী জানান, মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে যেসব রিক্রুটিং এজেন্সি অতিরিক্ত অর্থ আদায় কিংবা প্রতারণার আশ্রয় নিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। সরকার ইতোমধ্যে চিহ্নিত অভিযুক্ত এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

যাত্রীসেবার মানোন্নয়নের অংশ হিসেবে অনুষ্ঠানে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে নতুন ট্রলিগুলো হস্তান্তর করেন মন্ত্রী। এসব ট্রলি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়ন ও ব্যবস্থাপনায় সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button