সাবেক রাষ্ট্রপতির বিচারে ৫১ অনুচ্ছেদে বাধা নেই: শিশির মনির

সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের বিচার প্রক্রিয়া পরিচালনায় সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো বাধা সৃষ্টি করবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। শনিবার (২৬ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই মতামত ব্যক্ত করেন।
আইনজীবী শিশির মনির তাঁর পোস্টে উল্লেখ করেন, রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার আগে কিংবা দায়িত্ব পালনকালে যদি তিনি কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত করে থাকেন, তবে তাঁর দায়িত্বকাল শেষ হওয়ার পর দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংবিধানের ৫১ অনুচ্ছেদ কোনো আইনি জটিলতা বা বাধা হয়ে দাঁড়াবে না বলে মত দেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মো.সাহাবুদ্দিন। সংবিধানের নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। ওই প্রেক্ষাপটে জাতীয় সংসদ বিলুপ্তিসহ নানা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীতে তাঁর পদত্যাগ ও এর পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে দেশজুড়ে নতুন করে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
source: Azadir Dak