News

ধনকুবেরের পাঠানো প্রাইভেট জেটে চড়ে মালয়েশিয়ায় সমাবর্তনে গেছেন ড. ইউনূস, ‘দেশ ছেড়ে পালানোর’ গুজব ছড়াল আওয়ামীপন্থীরা

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস© সংগৃহীত
মালয়েশিয়ার ধনকুবেরের পাঠানো চার্টার্ড বিমানে চড়ে দেশটিতে গেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৩ নভেম্বর মালয়েশিয়ার আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে যোগ দিতে তার এই সফর। তবে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে সমাবর্তনে অংশ নিতে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই যাত্রাকে ‘দেশ ছেড়ে পালানো’ বলে প্রচার করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থীদের বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট।
 
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ড. ইউনূসের মালয়েশিয়া সফরের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেওয়া। তার ফেসবুক পেজেও অনুষ্ঠানে যোগ দেওয়ার ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, ইউনূস সেন্টার দ্য ডিসেন্টকে জানিয়েছে, তাকে বহনকারী বিমানটি পাঠিয়েছেন মালয়েশিয়ার ধনকুবের সৈয়দ মোখতার আলবুখারি। তিনি আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং ড. ইউনূসের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
 
২০২০ সাল থেকে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছেন ড. ইউনূস। অর্থাৎ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার চার বছর আগেই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে যুক্ত হন তিনি। ফলে প্রতিষ্ঠানটির সমাবর্তনে যোগ দিতে তার মালয়েশিয়া সফর নতুন কোনো ঘটনা নয়। তবে এই সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তিনি চার্টার্ড বিমানে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
 
ড. ইউনূসকে নিতে বিমান পাঠানো ধনকুবের কে?
ড. ইউনূসকে বহনকারী বিমানটি পাঠিয়েছেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষ ধনী সৈয়দ মোখতার আলবুখারি। দেশটির বন্দর ব্যবস্থাপনা, গাড়ি নির্মাণ, অবকাঠামো ও ব্যাংকিং খাতে তার বিনিয়োগ রয়েছে। মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের মালয়েশিয়ার শীর্ষ ৫০ ধনীর তালিকায় আলবুখারির অবস্থান দশম। তালিকায় তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার।
 
আলবুখারির প্রতিষ্ঠিত আলবুখারি ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয় আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল প্রোফাইলে মুহাম্মদ ইউনূসকে প্রতিষ্ঠানটির প্রথম চ্যান্সেলর হিসেবে উল্লেখ করা হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৬ মার্চ অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে প্রতিষ্ঠাতা আলবুখারি ও চ্যান্সেলর ইউনূস দুজনই উপস্থিত ছিলেন। ২০২৩ সালের তৃতীয় সমাবর্তনেও অংশ নিয়েছিলেন ড. ইউনূস।
 
বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে ড. ইউনূসের নিয়োগের বিষয়টি ২০২০ সালের ২ সেপ্টেম্বর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সে সময় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়, সামাজিক ব্যবসার ধারণা এবং এ ক্ষেত্রে ইউনূসের অবদানের কারণেই তাকে প্রতিষ্ঠানটির প্রথম চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
 
অর্থাৎ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই আলবুখারির প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির সঙ্গে যুক্ত ছিলেন ড. ইউনূস। সেই সূত্রে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে তার অংশগ্রহণের ধারাবাহিকতাও রয়েছে।
 
সমাবর্তনে যোগ দিতেই মালয়েশিয়ায় গেছেন ড. ইউনূস
আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রকাশিত সপ্তম সমাবর্তনের কর্মসূচি অনুযায়ী, ২৩ নভেম্বর সোমবার মালয়েশিয়ার আলোর সেতারে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনের আয়োজন করা হয়।
 
সোমবার ড. ইউনূসের ফেসবুক পেজেও সমাবর্তনে অংশগ্রহণের ছবি ও তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর হিসেবে তিনি ২০২৬ সালের স্নাতকদের ডিগ্রি ও বিশেষ পুরস্কার প্রদান করেছেন।
 
এ বিষয়ে ইউনূস সেন্টারের সঙ্গে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ড. ইউনূস সমাবর্তনে যোগ দিতেই মালয়েশিয়ায় গেছেন। তিনি যে বিমানে সফর করেছেন, সেটি পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আলবুখারি।
 
এতে ড. ইউনূসের চার্টার্ড বিমানে মালয়েশিয়া যাওয়ার তথ্য সত্য হলেও তার দেশ ছেড়ে পালানোর দাবির সত্যতা পাওয়া যায়নি। বরং বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট, তার ফেসবুক পেজ এবং ইউনূস সেন্টারের বক্তব্যে সফরের উদ্দেশ্য হিসেবে সমাবর্তনে অংশ নেওয়ার বিষয়টি উঠে এসেছে।
 
চার্টার্ড বিমানে পালানোর দাবি ছড়াচ্ছে আওয়ামীপন্থীরা
ড. ইউনূসের মালয়েশিয়া সফরকে দেশ ছেড়ে পালানোর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থীদের বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে।
 
প্রোপাগান্ডা ওয়েবসাইট উইকলি ব্লিটজ-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ২২ নভেম্বর একটি ফেসবুক পোস্টে লিখেছেন, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে ফ্যাসিষ্ট ইউনুস আগামীকাল সকাল সাতটায় পালাচ্ছে।”
 
একই দাবি প্রচার করেছে ‘বংশাল থানা আওয়ামী লীগ ও যুবলীগ ৩৩ নম্বর ওয়ার্ড’ নামের একটি ফেসবুক পেজ। পেজটির পোস্টে লেখা হয়েছে, “পুরো দলবল নিয়ে ২৩ নভেম্বর সকাল ৭টায় চার্টার্ড বিমানে দেশ ছাড়ছেন সুদী ইউনূস—এমন দাবি সামনে এসেছে।”
 
পোস্টে আরও বলা হয়, “কোনো অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয়ে শেষ পর্যন্ত লেজ গুটিয়ে দেশ ছাড়ার পথ বেছে নিচ্ছেন সুদী ইউনূস।”
 
পোস্টটির শেষে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘ডিসেম্বরে নেত্রী আসবেনই’ লেখা হয়েছে।
 
রাহুল হক নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে ফ্যাসিষ্ট ইউনুস আগামীকাল সকাল ৭: টায় পালাচ্ছে ফ্রান্সে। পাখি উড়াল দিছে রে.. আরো বর্তমান জুলুম কারী পাখি উড়াল দিবে অতি দ্রুত।”
 
অন্যদিকে, ‘Abar71 / আবার৭১’ নামের একটি ফেসবুক পেজ থেকে লেখা হয়, ইউনূস পুরো দলবলসহ ২৪ নভেম্বর সকাল সাতটায় চার্টার্ড বিমানে দেশ ছাড়তে পারেন।
 
আরিফুর রহমান সিদ্দিকী নামের একটি অ্যাকাউন্ট থেকেও পোস্ট করে দাবি করা হয়, “পুরো গ্যাংসহ চার্টার্ড বিমানে বিশ্ব বাটপার আজ ২৩ নভেম্বর সকাল ৭টায় দেশ ছেড়ে পালাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে!”
 
এসব পোস্টে ড. ইউনূসের কথিত পালিয়ে যাওয়ার সময় ও গন্তব্য নিয়েও পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে। কোনো পোস্টে ২৩ নভেম্বর, কোনো পোস্টে ২৪ নভেম্বর দেশ ছাড়ার কথা বলা হয়েছে। আবার একটি পোস্টে তাঁর ফ্রান্সে পালিয়ে যাওয়ার দাবি করা হয়েছে।
 
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ড. ইউনূসের মালয়েশিয়া সফরের উদ্দেশ্য ছিল আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে অংশ নেওয়া। তাঁকে বহনকারী বিমানটি পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সৈয়দ মোখতার আলবুখারি।
 
‘ইউনূস পালিয়েছেন’—এমন গুজব ছড়ানো হয়েছে আগেও
 
ড. ইউনূসের দেশ ছেড়ে পালানোর দাবি এবারই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইউনূস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়েছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা।
 
ওই সময় দাবি করা হয়, ৬ নভেম্বর সকালে ইউনূস ফ্রান্সে চলে গেছেন। তবে ৭ নভেম্বর প্রকাশিত রিউমার স্ক্যানারের প্রতিবেদনে দাবিটিকে মিথ্যা বলে উল্লেখ করা হয়।
 
২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরও ড. ইউনূস গোপনে দেশ ছেড়েছেন দাবি করে বিমানে তার একটি ছবি প্রচার করা হয়। ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বুমের প্রতিবেদনে দেখা যায়, ছবিটি ২০২৪ সালের আগস্টে ইউনূসের বাংলাদেশে ফেরার সময়কার।
 
এবার মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে তার সফরকেও একইভাবে দেশ ছেড়ে পালানোর ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।
 
ইউনূসকে বিমান পাঠানো ধনকুবেরের সঙ্গে বৈঠক করেছিলেন তারেক রহমানও
ড. ইউনূসকে মালয়েশিয়ায় নিতে বিমান পাঠানো ধনকুবের সৈয়দ মোখতার আলবুখারি গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও বৈঠক করেছিলেন।
 
গত ২২ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। বাসসের ২২ জুনের প্রতিবেদন অনুযায়ী, মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান হিসেবে আলবুখারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়েও এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button