News

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অনুদান

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত ১ কোটি ১৯ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ তার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।

এদিন মোট ৩১টি পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৯৫ লাখ টাকা এবং আহত ১২ জনকে মোট ২৪ লাখ টাকা প্রদান করা হয়। সব মিলিয়ে বিতরণ করা হয় ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক সহায়তা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের যে ক্ষতি হয়, তা কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি আন্তরিক উদ্যোগ। তিনি সড়ক আইন মেনে চলা, যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল হলে এবং ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ, ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে আসছে। নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন ও যাচাই-বাছাই শেষে যোগ্য আবেদনকারীদের এ অনুদান দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট শাওন রেজাসহ জেলা প্রশাসন ও বিআরটিএর অন্য কর্মকর্তা-কর্মচারীরা।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button