News

জাতীয় নির্বাচনের চেয়েও ভালো স্থানীয় নির্বাচন করতে চায় ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে তার নিচে যাওয়ার সুযোগ নেই। বরং সম্ভব হলে আগের চেয়েও ভালো নির্বাচন আয়োজনের চেষ্টা করবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য সবার প্রস্তুতি সম্পন্ন হলেই নির্বাচন কমিশন ভোটের জন্য ঝাঁপ দেবে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে, তবে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। জাতীয় নির্বাচন যেভাবে করা হয়েছে, তার চেয়ে ভালো নির্বাচন করার চেষ্টা করা হবে।

আমরা জাতীয় নির্বাচন যেভাবে করেছি, তার চেয়ে বেটার হবে, খারাপ হবে না।’

সিইসি বলেন, ‘অতীতে দেখা গেছে যে এই ইলেকশনে ভায়োলেন্সটা একটু বেশি হয়। সেটা আমাদের মাথায় আছে। সেভাবে আমরা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে মোবিলাইজ করার চেষ্টা করব।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তো দায়িত্বটা এখানে একটু বেশি থাকবে। আশা করি সবাইকে নিয়ে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারব।’

সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কিছু জানানো হয়েছে কি না এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সরকার থেকে সিদ্ধান্ত নেবে না। আমরা নেব। আমরাই উনাদের সঙ্গে আলোচনা করে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেব, দিনক্ষণ আমরাই ঠিক করব।


তবে দিনক্ষণ এখনই বলা যাবে না জানিয়ে তিনি মন্তব্য করেন, এটা অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে। কিছু আইন সংশোধনের জন্য সময় লাগবে। এই নির্বাচন করতে সরকার লাগবে, পুলিশ লাগবে, বিজিবি লাগবে। এটা শুধু ইলেকশন কমিশনের একার প্রস্তুতি না।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কবে হবে—এ প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘এটা ৯০ দিনের মধ্যে হয়ে যাবে।’

source: Barta Bazar

Leave a Reply

Back to top button