সরকারি কর্মকর্তাদের পেনশনের ১৩ কোটি টাকা আত্মসাৎ, দুই অডিট কর্মকর্তা বরখাস্ত

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের হিসাবে পেনশন ও ভাতাদি-সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়ায় ১৩ কোটি ৩৭ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা আত্মসাতের দায়ে অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া দুজন কর্মকর্তা হলেন ইশরাত জাহান, তিনি বর্তমানে চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইন্যান্সের আর্মি জেসিও অ্যান্ড ওআর কার্যালয়ে উপসহকারী ফাইন্যান্স কন্ট্রোলার (ডিএএফসি) পদে কর্মরত। এর আগে তিনি প্রতিরক্ষা অর্থ বিভাগে (ডিফেন্স ফাইন্যান্স) একই পদে কর্মরত ছিলেন।
বরখাস্ত অন্যজন হলেন শাহীনুর রহমান খান। বর্তমানে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইনান্স আর্মি (সিও) কার্যালয়ে কর্মরত। এর আগে তিনি চিফ কন্ট্রোলার ডিফেন্স ফাইনান্স আর্মি (পেনশন ও ফান্ড) এসএএস অধীক্ষক (সুপার) হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২ সেপ্টেম্বর) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি পেনশন ব্যবস্থাপনার অনলাইন প্ল্যাটফর্ম আইবাস++ এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা পরিশোধ ও আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে জানতে পারে ইশরাত জাহান তার নিজস্ব আইবাস++ ইউজার আইডি ব্যবহার করে পেনশন ও ভাতাদি সংক্রান্ত বকেয়া বিলের বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে ২৬ জন পেনশনারের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ওই অর্থ বিধিবহির্ভূতভাবে পরিশোধের জন্য ইশরাত জাহানকে সম্পূর্ণভাবে দায়ী করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা (সাবসিস্ট্যান্স গ্র্যান্ট) পাবেন।

অন্য আরেক প্রজ্ঞাপনে বলা হয়, অডিট কর্মকর্তা শাহীনুর রহমান খানও একই অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। তিনি আইবাস++ প্লাটফর্মের নিজের ইউজার আইডি ব্যবহার করে ২৬ জন পেনশনারের বকেয়া পেনশন ও ভাতাদি পরিশোধের জন্য বকেয়া বিলের সার্টিফিকেট জেনারেশন এবং পেনশন অ্যারিয়ার বিলের টোকেন এন্ট্রি করেছেন। এর মাধ্যমে তিনি পেনশনারদের ৩৪৬টি বকেয়া পেনশন বিল বাবদ ৬ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ৯২৮ টাকা বিধিবহির্ভূতভাবে পরিশোধ করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্তের এই সিদ্ধান্ত প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া প্রশাসনিক ব্যবস্থা। অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, সিএজি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ফর্মস ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিষয়টি পরবর্তী গেজেটে প্রকাশের জন্যও অনুরোধ করা হয়েছে।
source: Asia Post