News

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান© ফাইল ছবি
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী 
 
ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 
হুমায়ুন কবির বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি; বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। বিমসটেকের চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
 
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের প্রথম ভারত সফর কোনো বহুপক্ষীয় সফর হতে পারে না। সময় অনুকূল হলে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় ভারত সফর আয়োজনের বিষয়ে সরকার কাজ করছে।
 
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিকসের ২০২৬ সালের চেয়ারম্যান ভারত। সম্মেলনে সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি আমন্ত্রিত অন্যান্য দেশের প্রতিনিধিরাও অংশ নেবেন।
 
বাংলাদেশ বর্তমানে বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। সংগঠনটির সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button