News

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতাও

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় গড়ে তুলতে সবকটি জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ কর্মসূচিতে অংশ নিতে কোনো ফি লাগবে না; উল্টো প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবারের ভাতা পাবেন।

সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইচএসসি বা সমমান পাস। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।

পুরো কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক বাছাই শেষে ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে, যার সময়সূচি ও কেন্দ্র প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত দুই মাসের এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button