News

এবার আইবাস আইডি হ্যাক করে পেনশনের ৯৮ লাখ টাকা আত্মসাতের চেষ্টা

সরকারি অর্থ স্থানান্তরের ডিজিটাল ব্যবস্থা ‘আইবাস++’ (iBAS++)-এর আইডি হ্যাক করে সাতজন পেনশনভোগীর নামে প্রায় ৯৮ লাখ ৩২ হাজার ৩৬৪ টাকা উত্তোলন ও আত্মসাতের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার সাথে বিনিথ কুমার নামে এক অডিট কর্মচারীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, হালিশহর সেনানিবাস, চট্টগ্রাম-এর এফপিও আর্টিলারির ডিডিও-র (DDO) আইবাস++ আইডি হ্যাক করা হয়। এরপর ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের পেনশনের বকেয়া হিসেবে ৭ জন পেনশনভোগীর অ্যাকাউন্টে অর্থ ছাড় করা হয়। পরবর্তী সময়ে বর্ণিত ৭ জন পেনশনভোগীর প্রকৃত প্রাপ্য অর্থের অতিরিক্ত টাকা বিনিথ কুমার তার বোনজামাই প্রদুত কুমারের ব্যাংক অ্যাকাউন্টে সরিয়ে নেন।

বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে ওই পেনশনভোগীদের হিসাব পুনঃযাচাই এবং আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে ‘এসিসিডিএফ (জেসিও অ্যান্ড ওআর), ঢাকা সেনানিবাস’ কার্যালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কার্যালয়ের হিসাবসংক্রান্ত নথি যাচাইয়ের সময় পেনশনভোগীদের বকেয়া পরিশোধের বিষয়টি পর্যালোচনা করা হয়। এতে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে কয়েকজন পেনশনভোগীর বকেয়া সংক্রান্ত তথ্যে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ে।

নথিতে সাতজন পেনশনভোগীর নাম, পদবি, জাতীয় পরিচয়পত্র, আইবাস++ সংক্রান্ত তথ্য, ব্যাংক হিসাব এবং পরিশোধিত অর্থের বিবরণী যুক্ত করা হয়েছে। তালিকায় থাকা এই সাতজনের বিপরীতে মোট ৯৮ লাখ ৩২ হাজার ৩৬৪ টাকা স্থানান্তর করা হয়েছিল।

চিঠির অপর অংশে বলা হয়, পরিশোধিত টাকা যাচাইয়ের সময় একজন কর্মকর্তার আইবাস++ আইডি ব্যবহার করে ওই পেনশন হিসাবের কার্যক্রম পরিচালনার বিষয়টি নজরে আসে। এ অবস্থায় পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ডিজিটাল জালিয়াতি বা অনিয়ম হয়েছে কি না—তা খতিয়ে দেখার তাগিদ দেওয়া হয়েছে।

নথিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কার্যালয়ের ওই কর্মচারীর সঙ্গে কয়েকজন পেনশনভোগীর ব্যক্তিগত যোগাযোগ ও আর্থিক লেনদেনের প্রমাণও যাচাইয়ের আওতায় এসেছে। পেনশনের অতিরিক্ত অর্থ প্রদান এবং তা অন্য কোনো অ্যাকাউন্টে পাচার করার বিষয়টি গভীর তদন্তের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া ‘প্রদুত কুমার’ নামের এক ব্যক্তির ব্যাংক হিসাব তুলে ধরে বলা হয়, পেনশনভোগীদের অতিরিক্ত অর্থ ওই হিসাবে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। তাই সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি ফ্রিজ করাসহ সার্বিক লেনদেন খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে।

source: Asia Post

Leave a Reply

Back to top button