News

শিশু-কিশোরদের পাঠাভ্যাস বাড়াতে ‘শিশুবিচিত্রা’র আত্মপ্রকাশ

শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং তাদের কল্পনাকে আকাশে ডানা মেলাতে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছে শিশু-কিশোর সাময়িকী ‘শিশুবিচিত্রা’। সম্প্রতি এর শুভ সূচনা ও উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে, যা প্রথম দেখাতেই শিশু থেকে শুরু করে যেকোনো পাঠকের নজর কাড়বে।

সাময়িকীটির সবচেয়ে বড় আকর্ষণ এর আধুনিক ও নান্দনিক মেকআপ-গেটআপ। বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের শৈল্পিক নামলিপিতে সাময়িকীটি পেয়েছে এক অনন্য মাত্রা। সাময়িকীটির প্রচ্ছদ সাজিয়েছেন খ্যাতনামা শিল্পী ধ্রুব এষ। এতে শিশুদের রঙিন কল্পনার জগতকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরের গল্প ও ছড়ার অলংকরণ করেছেন শিল্পী ধ্রুব এষ, মামুন হোসাইন ও মীনাক্ষী বিশ্বাস। প্রচ্ছদ ও ভেতরের অলংকরণ দেখলেই বোঝা যায়, শিশুদের হাতে একটি রুচিশীল ও পরিচ্ছন্ন প্রকাশনা তুলে দেওয়ার আন্তরিক চেষ্টা করা হয়েছে।

গাজী তানভীর আহমদের সম্পাদনায় ডি-সি সাইজের ২০০ পৃষ্ঠার এই বিশাল আয়োজনে সংকলিত হয়েছে ছোটদের উপযোগী নানা স্বাদের লেখা। এর মধ্যে চিরকালের পাঠকপ্রিয় কিছু ছড়া-কবিতাও স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’, কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’, জসীম উদ্দীনের ‘মামার বাড়ি’, আল মাহমুদের ‘পাখির মতো’, সৈয়দ শামসুল হকের ‘আমাদের এই বাংলাদেশ’সহ বন্দে আলী মিয়া, কাজী কাদের নওয়াজ, গোলাম মোস্তফা ও সুকুমার বড়ুয়ার মতো বরেণ্য কবিদের কালজয়ী ছড়া-কবিতা সূচিপত্রে স্থান পেয়েছে।

সাময়িকীতে গল্প ও উপন্যাসিকা লিখেছেন ছোটদের প্রিয় রফিকুর রশীদ। এ ছাড়া ধ্রুব এষ, এনায়েত রসুল, ফরিদুর রেজা সাগর, জামসেদ ওয়াজেদ, কামাল হোসাইন, আবিদ আজম, আশিক মুস্তাফা, রবিউল কমল ও দিলরুবা নীলাসহ একঝাঁক জনপ্রিয় লেখকের মজাদার গল্পও রয়েছে।

‘শিশুবিচিত্রা’য় ছড়া-কবিতা লিখেছেন আবদুল হাই শিকদার, জাকির আবু জাফর, নাসিরুদ্দীন তুসী, আহমেদ সাব্বির, গিয়াস উদ্দিন রুপম, জিয়া হক, শাদমান শাহিদ ও কাজী বর্ণাঢ্য। গুচ্ছছড়া লিখেছেন হাসান হাফিজ, ফারুক হোসেন, জয়দুল হোসেন ও জগলুল হায়দার।

এ ছাড়া ছোটদের প্রিয় লেখক ফারুক নওয়াজ, শান্তা মারিয়া ও আলম শামসের প্রবন্ধ স্থান পেয়েছে এ সংখ্যায়।

গল্প ও কবিতার পাশাপাশি এতে রয়েছে ছড়া-কবিতা, জ্ঞান ও শিক্ষণীয় প্রবন্ধ, স্বাস্থ্যবিষয়ক লেখা ‘শিশুস্বাস্থ্য’, আত্মউন্নয়ন ও পরামর্শমূলক লেখা ‘বন্ধুর কথা’, ইতিহাস ও সংস্কৃতিবিষয়ক ‘সোনালি যুগের গল্প’, ‘ভিনদেশ থেকে’, বই পরিচিতি এবং ছোটদের নিজেদের আঁকা ছবি ও লেখা।

গাজী তানভীর আহমদের সম্পাদনায় প্রকাশিত এই সাময়িকীটির মূল উদ্দেশ্য ডিজিটাল যুগে শিশুদের স্ক্রিননির্ভরতা কমিয়ে বইয়ের পাতার আনন্দ ফিরিয়ে দেওয়া। সম্পাদকীয় পাতায় তিনি উল্লেখ করেছেন, শিশুদের মেধা বিকাশে এবং তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতেই এই পথচলা। ছোটদের লেখা পাঠানোর উন্মুক্ত সুযোগ দিয়ে পত্রিকাটিকে সত্যিকার অর্থে শিশুদের নিজস্ব পত্রিকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করা হয়েছে।

সুন্দর বাঁধাই, পরিচ্ছন্ন রঙিন ও সাদাকালো ছাপা, প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবি এবং সমৃদ্ধ রচনাসম্ভারে সাজানো ‘শিশুবিচিত্রা’র উদ্বোধনী সংখ্যাটি প্রশংসনীয়। ২০০ টাকা মূল্যের এই বিশাল আয়োজন শিশু-কিশোর, অভিভাবক ও সাহিত্যপ্রেমী—সবার কাছেই সমাদৃত হবে বলে আশা করা যায়।

source: Asia Post

Leave a Reply

Back to top button