News

কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে রাজনৈতিক মামলায় সাবেক স্বেচ্ছাসেবক লীগনেতা, সহকারী শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমারখালী শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মামুন কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট তৈরি করে আসছিলেন। এ সময় সামাজিক মাধ্যমে তার বেশ কিছু ভক্তও তৈরি হয়।

নিজ বাসাবাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে নানাবয়সী নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে নিয়মিত কাজ করতেন মামুন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় মামুনের সক্রিয় ভূমিকা ছিল। ওই মামলার প্রেক্ষাপটেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে শিক্ষকতার নীতি-নৈতিকতা পরিপন্থী ও অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ তুলে মঙ্গলবার বিকেলে মামুনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। উপজেলা এনসিপির সদস্যসচিব আলামিন হোসেন আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ৫ আগস্টের সহিংসতা সংক্রান্ত মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ওঠা অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button