News

‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’

সম্প্রতি পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’-কে কোরআন-সুন্নাহর স্পষ্ট পরিপন্থি আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়ে বিএনপি সরকার এখন উল্টো পথে হাঁটছে এবং ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে। বিশেষ করে সংবিধানে গণভোটের বাধ্যবাধকতা না থাকার অজুহাত তুলে সরকার চব্বিশের গণবিপ্লব ও জনগণের ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোটের গণরায়কে অবমাননা করছে বলে তিনি অভিযোগ করেন।

সরকারের সার্বিক ব্যর্থতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াত প্রধান বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের তীব্র সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সারাদেশে দলীয় ক্যাডারদের ব্যাপক চাঁদাবাজি ও দখলদারির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষির রাজধানী হিসেবে গড়ে তোলা এবং তিস্তা প্রকল্প বাস্তবায়নে সরকার এখন তালবাহানা করছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত দৃশ্যমানভাবে বাস্তবায়ন করা না হলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৮ দফা দাবি খুব শীঘ্রই সরকার পতনের ‘এক দফায়’ রূপ নেবে বলে তিনি সতর্ক করেন।

জামায়াতের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাপনী সমাবেশে অন্যদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button