News

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, পবিত্র মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র এ ভূমির বিরুদ্ধে যেকোনও অন্যায় আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। পবিত্র মক্কা-মদিনার ওপর হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে, ইনশাল্লাহ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা উল্লেখ করেন।

সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার মধ্যে এ বিবৃতি পাঠালেন ধর্মমন্ত্রী।

বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনও ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। প্রয়োজনে লাখ লাখ মুসলিম নিজের জীবন বিলিয়ে দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনও ধরনের হামলার অপচেষ্টার প্রতিবাদ জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ও পবিত্রতার স্থান। এই দুই পবিত্র নগরী সমগ্র মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনও ধরনের হামলা, আগ্রাসন কিংবা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, পবিত্র আল হারামাইনের (মক্কা ও মদিনা) দুই ইমামের বক্তব্যের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন রয়েছে। মক্কা ও মদিনার পবিত্রতা এবং নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব। পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনও আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। আমরা বিশ্বের সব মুসলিম রাষ্ট্র, মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই, যাতে বর্তমানে ও ভবিষ্যতে মক্কা আল-মুকাররমা এবং মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনও হুমকি বা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করা যায়।

মহান আল্লাহর কাছে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণ কামনা করেন মন্ত্রী।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button