সালমান মুক্তাদিরকে সহযোদ্ধা উল্লেখ করে মাহফুজের ফেসবুক স্ট্যাটাস

ঢাকার মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ছাড়া ইসিবি চত্বরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও জমিতে হামলা হয়েছে। এ ২ ঘটনা প্রসঙ্গে সালমান মুক্তাদিরকে জুলাই সহযোদ্ধা উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন, ‘রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও জুলাইয়ের সহযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ইঙ্গিত দিচ্ছে। সরকার গভর্ন্যান্স ফেইল্যুরের দিকে এগুচ্ছে। এ দুই ঘটনা ঢাকায় ঘটছে দেখে আমরা কথা বলছি। সারা দেশে এ ফেইল্যুর দৃশ্যমান। সহিংসতার শক্তি রাজনীতি ঠিক করে দিচ্ছে। যা অকার্যকর রাষ্ট্রের দিকে যাত্রার নামান্তর।’
তিনি লিখেছেন, ‘সরকার বিবিধ আইন বানিয়ে শক্তিশালী হতে চায়। কিন্তু রাষ্ট্র পরিচালনায় অযোগ্যতার প্রমাণ দিচ্ছে বারবার। মানে, সরকারের আয়ু বাড়ানোর চেষ্টা আছে ঠিকই। কিন্তু ডেলিভারির চেষ্টা কিংবা সদিচ্ছা দেখা যাচ্ছে না। ভেতরে বাইরে কে কি খেলছে, সেটা অজুহাত। আর মেজরিটির সরকার থেকে মানুষ অজুহাত শুনবে না।’
সাবেক এ উপদেষ্টা লিখেছেন, ‘রাষ্ট্রে একটা অচলদশা দৃশ্যমান, যা একটা পাওয়ার ভ্যাক্যুয়াম তৈরি করছে ও করবে। সে ভ্যাকুয়াম পূরণের কোনো রাজনীতি হাজির নাই। ফলে, জনগণের মধ্যে ১২ ফেব্রুয়ারি বন্দোবস্তের প্রতি আস্থা শিগগিরই নষ্ট হবে।’
মাহফুজ আলম আরও লিখেছেন, ‘এ অচলদশার গোড়ায় আছে, রাষ্ট্র ও অর্থনৈতিক সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচারের ব্যর্থতা, সামগ্রিক গভর্ন্যান্স ফেইল্যুর, পুরাতন রাজনৈতিক সংস্কৃতি, জাতীয় ঐক্যের অভাব এবং টু-থার্ড মেজরিটির বড়াই। আইনের শাসনের বদলে শাসনের জন্য আইন বানালে ব্যর্থতাই নিয়তি হবে।’
এদিকে, সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
রোববার বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন, হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সেখানে ব্রাউনফিশ স্টুডিও স্থাপন করেছিলেন সালমান মুক্তাদির। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি।
রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে সালমান মুক্তাদির জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। পরে তিনি ধারণা করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন। এ ঘটনায় চাঁদা দাবির বিষয়টি থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াত বন্ধ করে দিয়েছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, ঢাকার মিরপুর-১-এর বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় করা মামলায় গ্রেপ্তার আরও ৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
আসামিরা হলেন, মো. শাহাদাত হোসেন (৩৩), কাজী মকবুল হোসেন (৫৮), মো. শাহআলম (৫৩), মো. আতিকুর রহমান (৩৩), মো. কামরুল ইসলাম (৫২) এবং মো. শাকিল (২০)।
source: Asia Post