News

শামীম এন্টারপ্রাইজের মালিকের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতির মামলায় মেসার্স শামীম এন্টারপ্রাইজের মালিক এম শামীম হাশেমের নামে বিভিন্ন ব্যাংকের ১৫ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দিয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটর তরিকুল ইসলাম জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক আতিকুর রহমান খান ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। এসব হিসাবে ৩ কোটি ৬৯ লাখ ১ হাজার ৪১০ টাকা রয়েছে।

শামীম হাশেমের বিরুদ্ধে ১০ কোটি ৮৩ লাখ ১০ হাজার ৫৩ টাকা ‘সঙ্গতিবিহীন’ ও ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগে গত ১১ জানুয়ারি দুদক মামলা করেছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধে আবেদনে বলা হয়, মামলার তদন্তকালে শামীম হাশেম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়, যা তার ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’। আসামি এসব ব্যাংক হিসাবে রাখা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে কমিশনের কার্যক্রম ব্যাহত হবে। অবিলম্বে এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

source: Barta Bazar

Leave a Reply

Back to top button