নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন এখানে

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ জন্য সরকারি কর্মচারীদের আইবাস++ (iBAS++) সিস্টেমে প্রবেশ করে নির্ধারিত ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (ডিডিও) এবং হিসাবরক্ষণ অফিস তা যাচাই ও অনুমোদন করবে।
গত ১৭ সেপ্টেম্বর ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হয়। এতে নতুন বেতন নির্ধারণের অনলাইন প্রক্রিয়ার আইনি ভিত্তি দেওয়া হয়েছে।
নতুন পে স্কেলে বেতন নির্ধারণের জন্য প্রথমে আইবাস++ সিস্টেমে প্রবেশ করতে হবে। গেজেটেড কর্মকর্তা আইবাস++-এর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। আর নন-গেজেটেড কর্মচারীরা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে প্রবেশ করবেন। লগইনের সময় আইবাস++-এ নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) দিতে হবে। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রয়েছে।
কোনো কর্মচারীর এনআইডি না থাকলে বেতন নির্ধারণের আগে এনআইডির জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে। চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডিতে থাকা জন্মতারিখের পার্থক্য থাকলেও বেতন নির্ধারণের আগে তা সংশোধন করতে হবে।
আইবাস++-এ প্রবেশের পর ‘পে ফিক্সেশন’ অপশনে গিয়ে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য পূরণ করার পর আবেদন জমা দেওয়ার আগেই সিস্টেমে নতুন নির্ধারিত মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে।
তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন জমা দিলে তা সংশ্লিষ্ট ডিডিওর কাছে যাবে। ডিডিও তথ্য যাচাই করবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বই অনুযায়ী আগের চাকরি, বেতনসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা হবে।
এরপর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অনলাইনে তথ্য যাচাই করে বেতন নির্ধারণের বিবরণী অনুমোদন ও প্রতিপাদন করবে। অনুমোদনের পর সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ‘ভেরিফিকেশন নম্বর’ তৈরি হবে। এরপর ওই নম্বর ও নির্ধারিত নতুন বেতন সার্ভিস বইয়ে লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ম্যানুয়ালি স্বাক্ষর করবেন।
অর্থাৎ, নতুন পে স্কেলে বেতন নির্ধারণের মূল আবেদন ও তথ্য দেওয়ার কাজ অনলাইনে হলেও চূড়ান্ত যাচাই ও প্রতিপাদনের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট ডিডিও এবং হিসাবরক্ষণ অফিসের ওপর। এ ছাড়া আগের ‘payfixation.gov.bd’ ওয়েবসাইট দিয়ে প্রবেশ করলেও ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে আইবাস++-এর ‘পে ফিক্সেশন’ অপশনে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন বেতন নির্ধারণের সময় এনআইডি, জন্মতারিখ, চাকরির তথ্য, নিবন্ধিত মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ভুল তথ্যের কারণে পরবর্তী সময়ে বেতন নির্ধারণ সংশোধনের প্রয়োজন হতে পারে।
source: The Daily Campus