News

জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে আটকে দিল পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিদেশ যাওয়ার অনুমতি না থাকায় তাকে যেতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন মাহদী হাসান।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে জ্যামাইকার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল তার। ইতিহাদ এয়ারওয়েজের রাত ৯টা ৩৫ মিনিটের ফ্লাইটে তার যাত্রার কথা থাকলেও পুলিশের ছাড়পত্র না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি ফ্লাইটটিতে উঠতে পারেননি।

বিমানবন্দরে আটকে দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহদী হাসান বলেন, ‘আজ আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। রাত ৯টা ৩৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে গেছে।’

মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ পুলিশ দিয়েছে বলেও জানান তিনি।

পরে বিমানবন্দর এলাকা ছেড়ে চলে যান মাহদী হাসান।

তবে তাকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

source: The Daily Campus

Leave a Reply

Back to top button