News

ডিম ও পাথর ছোড়ার ঘটনা বাড়ছে, বাড়ি থেকেই বেরোতে পারছি না: মমতা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতা ও এসআইআর নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নিরাপদে বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না।

আজ বুধবার দিল্লিতে বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে তিনি এসব অভিযোগ করেন।

মমতার অভিযোগ, রাজ্যে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা, ডিম ও পাথর ছোড়ার ঘটনা বাড়ছে। এসব কারণে নিরাপদে বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না। বিধানসভা নির্বাচনের পর বিজেপি রাজ্যে অরাজকতা ও স্বৈরাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে মমতা বলেন, ‘আমি এখন আমার বাড়ি থেকেই বের হতে পারছি না’

সম্প্রতি হুগলিতে তৃণমূল নেতা কুণাল ঘোষের গাড়িতে হামলা, ডিম ছোড়া ও পথ আটকানোর ঘটনা নিয়ে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

বিজেপির দাবি, এসব ঘটনা সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ। তবে তৃণমূলের অভিযোগ, এসবের পেছনে বিজেপির ষড়যন্ত্র রয়েছে।বৈঠকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন মমতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ব্যঙ্গ করে ‘ভ্যানিশ কুমার’ বলেন তিনি।মমতার অভিযোগ, নির্বাচন কমিশনের সফটওয়্যার টিমের সঙ্গে মিলে কোটি কোটি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এসআইআর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবি জানান মমতা।

বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গ,ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী জোটের বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব উপস্থিত থাকতে না পারায় তার দলের দুই সাংসদ হরেন্দ্র মালিক ও মৌলানা মহিবুল্লাহ নদভি বৈঠকে যোগ দেন।

এআর

source: Barta Bazar

Back to top button