দশম গ্রেড বাস্তবায়নে কালক্ষেপণ না করার আহ্বান মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য দ্রুত দশম গ্রেড বাস্তবায়নে সরকারকে কালক্ষেপণ না করার দাবি জানিয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের কনফারেন্স রুমে মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে বক্তারা এ দাবি জানান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য এবং মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও মহানগরী দক্ষিণ সভাপতি মো. রিপন শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড একটি মৌলিক দাবি। স্বাস্থ্য বিভাগকে কার্যকরভাবে ঢেলে সাজাতে হলে এ পেশার উন্নয়ন জরুরি।’
ফাইল দীর্ঘদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘বিগত দিনে যারা এ প্রক্রিয়া আটকে রেখেছিল, তাদের ভূমিকা অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘দশম গ্রেড কোনো দলীয় অ্যাজেন্ডা নয়, এটি স্বাস্থ্য খাতের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা। আর কালক্ষেপণ না করে সরকার ও বিরোধী দল—সবাই মিলে এটি দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নেওয়া উচিত।’
পাশাপাশি সংগঠনের সদস্যদের দেশের সেবা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মো. রিপন শিকদার বলেন, ‘দশম গ্রেডসহ পেশাগত মৌলিক দাবি আদায়ে অতীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা যেভাবে সামনে ছিলেন, আগামীতেও একইভাবে রাজপথে সোচ্চার ভূমিকা রাখবেন।’
অনুষ্ঠানে সংগঠনের ঢাকা বিভাগের সহসভাপতি সালেহীন আবেদিন তানিম ও নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি মাসুম রেজা।
source: Asia Post