News

‘সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স’ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৯ অক্টোবর) সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

গত ১৪ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পযায়ের সেনাসদস্যরা।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

source: Daily Amar Desh

Leave a Reply

Back to top button