৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিবে যুব উন্নয়ন অধিদপ্তর, আবেদন করবেন যেভাবে

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না।
গত সোমবার (৭ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪ জেলার ১৮ থেকে ৩৫ বছর বয়সি যুবক ও নারীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং খাবার পাবেন প্রশিক্ষণার্থীরা।
আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
আগামী ১ অক্টোবর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রাথমিক ধারণা এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর। পরীক্ষা কেন্দ্র ও সময় এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আবেদন করবেন যেভাবে:
প্রথমে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দিষ্ট প্রজেক্ট পোর্টাল dydaiproject.com-এ প্রবেশ করুন। হোমপেজে থাকা “Apply Now” বা “অনলাইনে আবেদন করুন” বাটনে ক্লিক করুন। এরপর আপনার নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখুন। তারপর আপনার এসএসসি (SSC) ও এইচএসসি (HSC) পরীক্ষার বিবরণ (রোল, রেজিস্ট্রেশন, বোর্ড ও জিপিএ) ইনপুট দিন।
এরপর আপনি যে জেলার স্থায়ী বাসিন্দা, ড্রপডাউন মেনু থেকে সেই জেলা ও সংশ্লিষ্ট প্যাকেজটি সিলেক্ট করুন। আপনার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্পষ্ট স্বাক্ষর স্ক্যান করে বা পরিষ্কার ছবি তুলে নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করুন। তারপর সবকিছু পুনরায় চেক করে “Submit” বাটনে ক্লিক করুন। আবেদন সফল হলে স্ক্রিনে একটি কনফার্মেশন ও ট্র্যাকিং নম্বর পাবেন, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
source: The Dhaka Diary