News

দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, সেন্টমার্টিনে প্রতি ইউনিটের দাম ৭৭ টাকা!

কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্লু মেরিন এনার্জি পাওয়ার লিমিটেড’ বিদ্যুৎ সরবরাহের নামে দ্বীপবাসীর পকেট কাটছে বলে অভিযোগ উঠেছে। সোলার এনার্জি বা সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে অবিশ্বাস্য ৭৭ টাকা, যা দেশের যেকোনো প্রান্তের সরকারি বা বেসরকারি বিদ্যুৎ মূল্যের তুলনায় বহুগুণ বেশি।

এমনিতেই ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্টমার্টিনের মানুষের জীবনযাত্রা চরম প্রতিকূলতায় ভরা। মূল অর্থনীতির উৎস পর্যটন মৌসুমও এখন সীমিত হয়ে আসায় সেখানকার সিংহভাগ পরিবারকে মাত্র দুই মাসের উপার্জনে বাকি পুরো বছর কোনোরকমে সংসার চালাতে হয়। এমন অনটনের সংসারে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র দুই ঘণ্টা বিদ্যুৎ পেয়েও ইউনিটপ্রতি ৭৭ টাকা হারে চড়া বিল মেটাতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে দ্বীপবাসীর।

বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য ও সৌরশক্তি ব্যবহার করে উৎপাদিত বিদ্যুতের উৎপাদন খরচ যেখানে দিন দিন কমছে, সেখানে সেন্টমার্টিনে কোন যুক্তিতে এত আকাশচুম্বী দাম নির্ধারণ করা হলো—তা বড় এক প্রশ্ন। পাওয়ার প্যাক, স্টোরেজ বা রক্ষণাবেক্ষণ খরচ হিসাব করলেও এই অস্বাভাবিক রেট পুরোপুরি অযৌক্তিক ও শোষণমূলক বলে মনে করছেন ভুক্তভোগীরা।

দ্বীপবাসীর জন্য বিদ্যুৎ কোনো বিলাসিতা নয়; বরং এটি মৌলিক মানবাধিকার, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বেসরকারি এই কোম্পানির একচ্ছত্র আধিপত্য ও চরম বিদ্যুৎ-শোষণের বিরুদ্ধে অবিলম্বে সরকারের বিদ্যুৎ বিভাগ এবং এনার্জি রেগুলেটরি কমিশনের (BERC) কঠোর হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন সেন্টমার্টিনের সর্বস্তরের নাগরিকেরা।

source: Azadir Dak

Leave a Reply

Back to top button