আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি

আখচাষিদের জন্য সরকারি প্রণোদনার চেক নিয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এ চেক গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে প্রণোদনার চেক গ্রহণ করেছেন আরও ১৪ জন। তাদের অধিকাংশই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা বলে জানা গেছে।
এদিকে একজন সংসদ সদস্যের আখচাষি হিসেবে প্রণোদনা গ্রহণের ঘটনায় রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও অনেকে একে নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেছেন, ‘আজকে যা ঘটেছে, তা নজিরবিহীন। একজন সংসদ সদস্য কীভাবে আখচাষি হিসেবে প্রণোদনার টাকা পান? এ ঘটনায় দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি জানালেন, এখন অনেকেই বিষয়টিকে নেতিবাচক হিসেবে বিবেচনা করছেন।
তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট শাহীন শওকত। তিনি বলেন, ‘আবু সাঈদ চাঁদ এমপি হলেও পুরোদস্তুর একজন নিবন্ধিত আখচাষি। তাকে এমপি হিসেবে বিবেচনা না করে একজন ব্যক্তি হিসেবে দেখলে বিষয়টিকে নেতিবাচকভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ তিনি প্রণোদনা পেয়েছেন আখচাষি বা ব্যক্তি আবু সাঈদ চাঁদ হিসেবে।’
এ বিষয়ে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গতকাল বিকালে রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা থেকে কম্পিউটারের একটি বাটন চেপে আখচাষিদের ব্যাংক হিসাবে সরকারি সহায়তার অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় আরও ১৪ জন আখচাষি প্রধানমন্ত্রীর হাত থেকে চেক নেন। তারা হলেন- আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মণ্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন ও রফিকুল ইসলাম। তাদের অনেকেই বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
source: The Daily Campus