News

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির© সংগৃহীত

দেশে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। 

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, জনগণকে প্রকৃত স্বস্তি-শান্তিপূর্ণ পরিবেশ দিতে, অর্থনৈতিক উন্নয়নের জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে তিনি বলেন, কে আসবে, কী হবে— সেটি আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় না। আমাদের দায়িত্ব আইন-সংবিধান অনুযায়ী যখন যেখানে, যা প্রয়োগ করা দরকার, সেটিই আমরা করব। ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ (অনুমোদন) করে, আমরা সেটাই করব।

পুলিশ বাহিনীকে কাজ করার পরিবেশ দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, লাঠিপেটা করলে বলবে ফ্যাসিস্ট পুলিশ, আর নীরবে থাকলে বলবে দুর্বল পুলিশ। কাজেই আমাদের কাজ করার পরিবেশ দিতে হবে। সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের কোনো বিকল্প নেই।

আইজিপি আরও বলেন, বর্তমানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ কারণে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। আগে নিজের ঘর পরিষ্কার রাখতে হবে। তবে কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা, শান্তি-সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন— সবকিছু সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button