News

ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধানের বৈঠক

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠক শেষে পরাগ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

‎বিভিন্ন সূত্র জানায়, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকা আসে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তারা সরকারি সফরে বাংলাদেশে আসে।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‎জানা যায়, এটি নিয়মিত সফরের অংশ। ডিজিএফআইয়ের প্রতিনিধিরা যেমন নিয়মিত ভারত সফর করেন, তেমনি ‘র’-এর কর্মকর্তারাও নিয়মিত বাংলাদেশে আসেন। এসব সফরে নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে পর্যবেক্ষণ ও দৃষ্টিভঙ্গি বিনিময় হয়।

source: Barta Bazar

Back to top button