Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Bd বাংলাদেশ

ইতিহাস গড়ে প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট:

আড়াই দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপি। দেড় বছরের অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশ এবার নির্বাচিত সরকারের হাতে ফিরতে চলেছে। রাজনৈতিক নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভোটের লড়াই মধ্যে দিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সুবাদে দলীয় প্রধান হিসাবে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের দল দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী।

৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদে এককভাবে সরকার গঠন করতে ১৫১ আসন প্রয়োজন। পাশাপাশি দুই শতাধিক আসন পাওয়া দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সংসদে সংবিধান পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। এবারের সংসদ নির্বাচনের পাশাপাশি 'জুলাই সনদ বাস্তবায়নে'র গণভোটে 'হ্যাঁ' ভোট বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। এই গণভোটে 'হ্যাঁ' জয়ী হলে এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদে রূপান্তরের প্রস্তাব রয়েছে জুলাই সনদে।

নির্বাচন কমিশন অবশ্য এখনও পর্যন্ত সরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে উঠতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন রিটানিং অফিসাররা লিখিতভাবে কমিশনকে ফলাফল না জানালে তারা চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন না।

বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তারেক রহমানের মা সদ্যপ্রয়াত খালেদা জিয়া। এরপর তিনি আরো দুবার দেশটির প্রধানমন্ত্রী হন।

প্রবাস কন্ঠ ডেস্ক রিপোর্ট/আ/মু

Source: thedeltalens.com

Back to top button