এনসিপির অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তির আত্নপ্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন হিসেবে জাতীয় কৃষক শক্তি নামে একটি প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। একই সাথে এটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিও (আংশিক) ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফখরুদ্দিন আহমেদ জাকি ও মো. আব্দুল আজিজ। অন্যদিকে, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মজিবুর রহমান খোকন ও মো. রাকিবুল হাসান রানা। এছাড়া, মুখ্য সংগঠক হিসেবে নফিউল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল সাড়ে তিনটায় মাজলুম জননেতা মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত কুড়িগ্রাম জেলার সদরের টগরাই হাট হাই স্কুলে এক কৃষক সমাবেশের মধ্য দিয়ে এ প্লাটফর্মের আনুষ্ঠানিক আত্নপ্রকাশ ঘটে।
সমাবেশ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম-এমপি জাতীয় শ্রমিক শক্তির এ কমিটি ঘোষণা করেন। এসময় জাতীয় কৃষক শক্তির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দদের ঘোষনাপত্র পাঠ করেন।
নাহিদ ইসলাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। সেই একই বৈষম্য আমরা দেখতে পারছি। প্রধানমন্ত্রী তিন্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন কিন্তু কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।”
এছাড়া, সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা কৃষকদের নিয়ে সম্মিলিতভাবে ভাবতে পারি নাই। আমাদের কৃষকেরা এখনো নিজেদের মতো প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ করেন। যখন তারা পণ্য বিক্রি করতে যান তখন বৈষম্যের স্বীকার হন, অধিকাংশ সময় তারা ন্যায্য মূল্য পাননা। এই কৃষকদের সমস্যা থেকে উত্তরণের জন্য জাতীয় কৃষক শক্তি কাজ করবে।”
সমাবেশটি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ড. আতিক মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় ১০ হাজার কৃষক অংশগ্রহণ করেন বলে জানায় এনসিপি।
এছাড়া, জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি, নারী শক্তি ও এর অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
source: The Dhaka Diary

