Uncategorized
উচ্চস্তরের ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গেও এপস্টিনের সম্পর্ক ছিল : ভ্যান্স

প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে ঘিরে দীর্ঘদিনের এক রহস্যের পর্দা উঠল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে। তিনি দাবি করেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের শীর্ষ মহলের সঙ্গেও গভীর সম্পর্ক ছিল এই শিশু নির্যাতনকারীর।
জনপ্রিয় পডকাস্টার জো রোগানের অনুষ্ঠানে এসে ভ্যান্স বলেন, এপস্টিন শুধু মার্কিন গোয়েন্দাদের সঙ্গেই নয়, ইসরায়েলি গোয়েন্দা মহলের কাছেও ছিলেন অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি ইঙ্গিত দেন, সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গেও এপস্টিনের সম্পর্ক ছিল প্রমাণিত।
ভ্যান্সের মতে, ইসরায়েলের বামপন্থি ডিপ স্টেটের সঙ্গেই এপস্টিনের বেশি মেলামেশা ছিল। তবে ডানপন্থিদের সঙ্গে তেমন ঘনিষ্ঠতা ছিল না তার। অন্যদিকে আমেরিকায় তিনি সব দলেই সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় শিবিরেই ছিল তার বন্ধুদের জাল।
এপস্টিনের নথি প্রকাশে ট্রাম্প প্রশাসনের ‘যোগাযোগবিষয়ক ব্যর্থতার’ও সমালোচনা করেন ভ্যান্স। তিনি বলেন, শুরু থেকেই সব নথি একসঙ্গে প্রকাশ করে দেওয়া উচিত ছিল। তবে তিনি সাফ জানান, কোনো তথ্য গোপন রাখার চেষ্টা করা হয়নি শুধু বার্তা পৌঁছানোর পদ্ধতিটা ছিল ‘গুবলেট’।
তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির মন্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন, যিনি জানিয়েছিলেন এপস্টিনের ক্লায়েন্ট তালিকা তার ডেস্কেই আছে। আর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যে নথিগুলো ডানপন্থি ইনফ্লুয়েন্সারদের দেওয়া হয়েছিল, সেগুলোর বেশিরভাগই ছিল আগে প্রকাশিত পুরোনো তথ্য যা মানুষকে বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন ভ্যান্স।
এপস্টিন কি মোসাদের গুপ্তচর ছিলেন সরাসরি এমন প্রশ্নের জবাবে ভ্যান্স বলেন, ‘হ্যাঁ, মোসাদ, সিআইএ অথবা অন্য কোনো ডিপ স্টেট হতে পারে।’ তার এই মন্তব্য আবারও আলোড়ন তুলেছে আন্তর্জাতিক মহলে।
source: The Dhaka Diary