তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত দুই শিশু হলো আবু ইউনুস ও নীরব। তারা টঙ্গীর বউবাজার এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করত। দুজনই স্থানীয় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ইউনুস, নীরবসহ কয়েকজন টঙ্গীর তুরাগ নদের রেলওয়ে সেতুর নিচে গোসল করতে নামে। একপর্যায়ে নীরব পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে উদ্ধারে নদে ঝাঁপ দেয় ইউনুস। পরে নদীর তীব্র স্রোতে দুজনই ভেসে গিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর বুধবার সন্ধ্যায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতা ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার রাসেল মামুন জানান, তুরাগ নদে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয়। একপর্যায়ে ঘটনাস্থলের পাশ থেকে প্রথমে আবু ইউনুসের মরদেহ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নীরবের মরদেহ পাওয়া যায়।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
source: The Daily Campus