Uncategorized
কৃষক বঞ্চিত, তাদের বাস্তবতা পরিবর্তন করতে চায় কৃষক শক্তি: গোলাম মর্তুজা সেলিম

জাতীয় কৃষক শক্তির নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম বলেছেন, কৃষকের ঘামে দেশের মানুষ তিনবেলা আহার পায়, অথচ সেই কৃষক আজও ন্যায্য মূল্য, উৎপাদন উপকরণের সহজলভ্যতা এবং রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত। এই বাস্তবতা পরিবর্তনের দাবিতেই জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দ্য ঢাকা ডায়েরির সঙ্গে একান্ত এক সাক্ষাৎকারে তিনি তার এ অভিব্যক্তি প্রকাশ করেন।
এসময় তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষকই দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কৃষক করুণার পাত্র নয়, বরং রাষ্ট্রের নীতিনির্ধারক, ক্ষমতার অংশীদার এবং মানুষের অধিকার, জাতীয় সম্পর্ক ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ভিত্তি হিসেবে কাজ করবে।”
উল্লেখ্য, জাতীয় কৃষক শক্তির আংশিক কেন্দ্রীয় কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। সংগঠনটি কৃষকদের অধিকার ও ন্যায্য মূল্য নিশ্চিতের মাধ্যমে কৃষিবান্ধব বাংলাদেশ গঠনে কাজ করবে বলে জানিয়েছেন তিনি। গোলাম মর্তুজা সেলিম ইতিপূর্বে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও কৃষি সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
source: The Dhaka Diary