Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ছাত্র-জনতা একত্রিত হলে পাহাড়সম প্রতিপক্ষও পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়

বক্তব্য দিচ্ছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান© সংগৃহীত

ইতিহাস প্রমাণ করেছে, ছাত্র-জনতা একত্রিত হলে পাহাড়সম প্রতিপক্ষও পরাজিত হয়ে পালাতে বাধ্য হয় বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। 

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮ টায় ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে নির্মিত স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ কামরুল আহসান বলেন,‘‘১৪ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার মধ্য দিয়েই ক্যাম্পাসে প্রতিরোধ আন্দোলনের ভিত্তি রচিত হয়। কোটা সংস্কার আন্দোলন এর আগেই শুরু হলেও ওই দিনের হামলা আন্দোলনকে নতুন গতি দেয়। ইতিহাস প্রমাণ করেছে, ছাত্র-জনতা একত্রিত হলে পাহাড়সম প্রতিপক্ষও পরাজিত হয়ে পালাতে বাধ্য হয়।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ই সর্বপ্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিশ্চিত করতে পেরেছিল। পরবর্তী সময়ে এখান থেকেই মুক্তির আন্দোলন সামনের সারিতে নেতৃত্ব পেয়েছে।

জুলাই আন্দোলনের অন্যতম অর্জন হিসেবে জাকসু নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীরা আবারও সিনেটে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে। এটি ছাত্র-জনতার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অর্জন।

বর্তমান ক্যাম্পাস পরিস্থিতির প্রসঙ্গ টেনে জাবি উপাচার্য বলেন, গত প্রায় দুই বছরে ক্রিয়াশীল ছাত্রসংগঠন গুলোর মধ্যে সহাবস্থানে কোনো ঘাটতি আমরা দেখিনি। তিনটি নতুন ব্যাচ ক্যাম্পাসে এসেছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তার বৈধ আসন নিশ্চিত করা হয়েছে। একসময় যেখানে গণরুম ও নির্যাতনের কারণে শিক্ষাজীবন চালিয়ে যাওয়া কঠিন ছিল, সেখানে এখন শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে পারছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষে উপাচার্য ২০২৪ সালের ১৪ জুলাইয়ের ঘটনার স্মরণে নির্মিত স্মৃতিফলকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সুপারিশক্রমে ১৪ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে স্মৃতিফলক উদ্বোধন করা হয়। এছাড়া ১৫ জুলাই ‘কালরাত্রি’ উপলক্ষে রাত ১০টা ৩০ মিনিটে ভিসির বাসভবনের সামনে আলোচনা সভা, রাত ১১টায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রাত ১২টায় এক মিনিটের ‘ব্ল্যাকআউট’, রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

source: The Dhaka Diary

Leave a Reply

Back to top button