রাষ্ট্রপতি থেকে পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন চুপ্পু

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরও প্রচলিত আইন অনুযায়ী তিনি আজীবন অবসরভাতাসহ বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।
শুক্রবার বিকেলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্রে অসুস্থতার কারণে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন।
দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ (২০১৬ সাল পর্যন্ত সংশোধিত) অনুযায়ী, কোনো রাষ্ট্রপতি ছয় মাসের বেশি দায়িত্ব পালন করলে অথবা পূর্ণ মেয়াদ সম্পন্ন করলে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাওয়ার অধিকারী হন।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্টের সেবা পাবেন। দাপ্তরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক ভাতা, সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে সরকারি টেলিফোন সংযোগ এবং নির্ধারিত সীমার মধ্যে টেলিফোন বিলও রাষ্ট্র বহন করবে।
আইন অনুযায়ী, তিনি একজন মন্ত্রীর সমমানের চিকিৎসাসুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সফরের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধাও পাবেন।
তবে যদি কোনো সাবেক রাষ্ট্রপতি এর আগে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে থাকেন, তাহলে তিনি নিজের ইচ্ছামতো রাষ্ট্রপতির অবসর সুবিধা অথবা আগের সরকারি চাকরির অবসর সুবিধার মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে আইনের সংশোধনীতে একটি বিধান যুক্ত করা হয়, যেখানে বলা হয়েছে—আদালত যদি ঘোষণা করে যে কেউ অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন, তাহলে তিনি রাষ্ট্রপতির অবসর-সংক্রান্ত সুবিধা পাবেন না।
source: Azadir Dak

